কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাফর আলম নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌর শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা মশালমিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগের নেতা-কর্মীরা মশালমিছিল করার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে এসআই জাফর আলমের মাথায় আঘাত লাগে।
ওসি আরও বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে উন্নত কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযানও চলছে।
এদিকে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবলীগের কর্মীদের ধারণ করা এসব ভিডিওর একটিতে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আলমকে মিছিলের সামনে থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে গত সোমবার রাতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে গ্রেপ্তার করে পুলিশ।