ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। এতে জাহাজ চলাচল বন্ধ থাকায় তিন দিনে সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। তাঁদের মধ্যে ৬০০ পর্যটক ও ৮০ জন স্থানীয় বাসিন্দাকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরিয়ে আনা হয়েছে। আজ শনিবার ১৬টি সার্ভিস ট্রলারে করে ঝুঁকি নিয়ে ফিরেছেন তাঁরা। তবে এখনো দ্বীপ থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন প্রায় ৯০০ পর্যটক।
সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৬টি ট্রলারে ৬৮০ জনকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে নাফ নদীর ফাঁড়ি দিয়ে শাহপরীর দ্বীপে পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন যান। পরদিন আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে উঠলে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানো হচ্ছে। ফিরে যাওয়া সবাই নিরাপদে পৌঁছেছেন।
এদিকে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে কক্ষভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কোনো কোনো হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। তবে কক্ষভাড়ায় ছাড় দেওয়া হলেও খাবারের দাম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়েছেন কিছু পর্যটক।
দ্বীপ থেকে ফিরে আসা কয়েকজন পর্যটক জানান, অনেকেই পাঁচ দিন ধরে সেন্ট মার্টিনে অবস্থান করছিলেন। গত বৃহস্পতিবার তাঁদের ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফিরতে পারেননি। পর্যটকদের দুর্ভোগ শুরু হলে তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় প্রশাসন।
গাইবান্ধা জেলার বাসিন্দা চিকিৎসক আশরাফুল বলেন, দ্বীপে আবহাওয়া তুলনামূলক ভালো থাকলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় তিন থেকে চার দিন আমাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। হোটেল কর্তৃপক্ষ কক্ষভাড়া অর্ধেক নিলেও খাবারের জন্য পুরো দাম দিতে হয়েছে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শনিবার কক্সবাজারসহ চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল রোববার থেকে জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে।