সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে ‘অপারেশন কোরাল দ্বীপের’ আওতায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা। সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধভাবে সামুদ্রিক মাছ আহরণ প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্দেহজনকভাবে মাছ আহরণরত পাঁচটি আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করেন কোস্ট গার্ডের সদস্যরা। পরে বোটগুলো জব্দ করে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায়।
কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিকভাবে জব্দ করা মাছের পরিমাণ ১৩ হাজার ২০০ কেজি। অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের অভিযোগে বোটগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা পাঁচটি ট্রলিং বোট, ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ এবং আটক ১০১ জেলেকে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ বন্ধ এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।