হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মোহাম্মদ মহসিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়।’

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে মোট পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা পাওনা দাবিতে করা পাঁচটি মামলার প্রতিটিতে তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তাঁর স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য সামনে আসে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে এবং প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের মার্চে মহসিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৯৯৪ সালে মোহাম্মদ মহসিনের হাত ধরে সাদ-মুসা গ্রুপের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে গ্রুপটি।