চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহিন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।
নিহত মাহিন উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ মাহাবুল আলমের ছেলে।
জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি ও কারের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অটোরিকশাচালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অটোরিকশাচালক এরশাদের মৃত্যু হয়। অপর দিকে গুরুতর মাহিনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।