হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে আজ শুক্রবার দুপুরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে প্রায় ৩৩ হাজার টন ডিজেল (গ্যাস অয়েল) বহনকারী তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক নোঙর করে থাকা ৫২ হাজার টন গমবাহী বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইনের সঙ্গে ধাক্কা খায়। এতে সি স্পাইকের ইঞ্জিনরুমে পানি ঢুকে সাময়িক ব্ল্যাকআউট হয়।

প্রত্যক্ষদর্শী এক নাবিক জানান, লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক জাহাজ সানশাইন বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে নোঙর করা ছিল। একই সময়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাংকার সি স্পাইক নোঙর করার সময় সানশাইন জাহাজকে ধাক্কা দেয়।

প্রাথমিক তথ্যে বন্দর কর্তৃপক্ষ জানায়, তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ মো. কেফায়েত হামিম বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এমটি সি স্পাইক ও এমভি সানশাইনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এমটি সি স্পাইকের ইঞ্জিনরুমের পোর্ট কোয়ার্টারে আনুমানিক এক বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ-বিপর্যয় ঘটে। তবে ইমার্জেন্সি ব্যাটারির সাহায্যে জাহাজের ভিএইচএফ যোগাযোগব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙরের ১০ শ্যাকেল করে কেব্‌ল ছাড়া হয়েছে। জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী, ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে বলে জানান তিনি।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, জাহাজের সবকটি কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি এবং কোনো ধরনের তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি।

স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘বন্দর বহির্নোঙরের বাইরে থাকা জাহাজের ক্ষেত্রে বন্দরের নিজস্ব পাইলট নিতে হয় না। বে পাইলট দিয়েই আমরা চালাই।’

ঘটনার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাইলট, টাগবোট ‘কান্ডারী-৮’ ও কোস্ট গার্ডের টিম ঘটনাস্থলে যায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, টাগবোট কান্ডারী-৮ উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দ্রুত জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিং এবং ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্দরসচিব জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল নিরাপদ রয়েছে।