চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় নিজ বাসা থেকে আদনানুজ্জামান নিহাল (১৯) নামের এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।
নিহত আদনানুজ্জামান নিহাল কালামিয়া বাজারের মো. আনিসুজ্জামানের ছেলে। সে পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আরও জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে নিহাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
নিহত নিহালের চাচা মো. শাখাওয়াত সাংবাদিকদের বলেন, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল নিহাল। গতকাল ফল প্রকাশের পর দেখা যায়, পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়েছে সে।
মো. শাখাওয়াত বলেন, নিহাল রাতে বাসায় ঘুমিয়েছিল। সকালে প্রায় সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।