চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের প্রায় ৩০ ফুট উঁচুতে হাত বাঁধা অবস্থায় নুরুল আবছার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিপাহীর গাছবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল আবছার ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে গাছের উঁচুতে একটি লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ ফুট ওপর থেকে লাশটি নামায়।
নিহতের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, ‘যে স্থানে লাশ ঝুলছিল, সেটি মাদকের আস্তানা হিসেবে পরিচিত। পরিবার জানিয়েছেন নুরুল আবছার নিজেও মাদকাসক্ত ছিলেন। মাদক চক্রের সদস্যরা তাঁকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে দিয়ে থাকতে পারে।’
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসান ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর আহমেদ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর আহমেদ বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হাত বাঁধা থাকায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।’