চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর আসবাবপত্র, কাঠসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ শনিবার রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন-রাশেদা মিম্বার অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী মেজবাহ উল আলম, তানিম ফার্নিচারের স্বত্বাধিকারী দিদারুল আলম এবং ফার্নিচার দোকানদার আবদুল্লাহ আল নোমান।
চট্টগ্রামের বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি দোকানঘর পুড়ে গেছে। সবগুলোই ফার্নিচারের দোকান।’