চট্টগ্রামে অনলাইন প্রতারণা, হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধ-সংক্রান্ত ভুক্তভোগীদের অভিযোগ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে নগর পুলিশ ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ নামে একটি কার্যক্রম চালু করেছে।
আজ মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি কার্যালয়ের পাশে এই সেবা কার্যক্রম চালু করা হয়। এর আগে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে সেন্টারটি উদ্বোধন করেন।
সিএমপি কমিশনার বলেন, নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা এই সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারে দেওয়া হবে। এ ছাড়া সাইবার অপরাধ-সংক্রান্ত স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা এবং পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে পরামর্শ দেবেন সেন্টারে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগর পুলিশ এই সেবা কার্যক্রম চালু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ডিবি-বন্দর) কাজী মো. আবদুর রহীম, উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন, উপপুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মোহাম্মদ বদিউজ্জামান প্রমুখ।