হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনসংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ-সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১১ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে নৌপথে চোরাচালান কার্যক্রমে জড়িত ছিল বলে কোস্ট গার্ড জানায়।

জব্দকৃত মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।