চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া আলী হোসেনের বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদা না পেয়ে ইউসিপিএলের বাইরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলীর ওপর হামলা চালান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সামনেও প্রতিষ্ঠানের লোকজনের ওপর আবার হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
হামলায় গুরুতর আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির ও স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। হামলার শিকার হয়েছেন প্রতিষ্ঠানের পার্টনার স্থানীয় সাংবাদিক জিন্নাত আইয়ূবও।
প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন, স্থানীয় যুবদল নেতা পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েকবার লোকজন নিয়ে এসে বলা হয়, এখানে ব্যবসা করতে হলে তাঁকে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে। মালিকপক্ষ রাজি না হলে আজ সকালে লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথ আটকে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তিনি কোনো রকমে প্রাণে রক্ষা পান।
শাহরিয়ার আমির আরও অভিযোগ করেন, ঘটনার পর কর্ণফুলী থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তখন পুলিশের সামনেই আবার তাঁদের ওপর হামলা করা হয়।
মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে বলে আমাদের আশ্বাস দিয়েছে। এ ঘটনায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
অভিযুক্ত আলী হোসেনের কাছে এ বিষয়ে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগের সূত্র ধরে ওসি স্যারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ দিয়েছে। পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।
যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে জানানো হলে তিনি বলেন, ‘আলী হোসেন নামে বন্দর কমিউনিটি সেন্টারে কোনো যুবদল নেতাকে আমি চিনি না। আপনারা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।’