চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এশফাকুল ইসলামকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি নিহাদ শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চান্দগাঁও থানার পুলিশ নগরীর টুমরোল্যান্ড টার্ফের সামনে আড্ডারত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন, ‘মামলার এক নম্বর আসামি নিহাদ শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, গত ২১ মে রাতে হাসপাতালে ইভিনিং ডিউটি শেষে রিকশায় বাসায় ফেরার পথে চান্দগাঁও আবাসিক এলাকার প্রবেশমুখে চিকিৎসক এশফাকুল ইসলামের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, লোহার রড ও হকি স্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক চান্দগাঁও থানায় সাতজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, মেডিকেল মাঠে তুচ্ছ খেলার ঘটনাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত হয়।