হোম > সারা দেশ > চট্টগ্রাম

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে কাল বন্দর শ্রমিকদের অনশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার অনশন করবে সরকারদলীয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হবে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে কনসেশন চুক্তির আওতায় ১৫ বছরের জন্য এনসিটি ইজারা দিতে চুক্তি করেছে। ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে চুক্তিটি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের দিনই চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিকনেতারা। দাবি মানতে আজ রোববার বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা।

এর আগে বন্দর শ্রমিক, রাজনীতিবিদ ও পেশাজীবীরা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশালমিছিল, গোলটেবিল বৈঠক, পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সরকার বা বন্দর কর্তৃপক্ষ এসব কর্মসূচিতে সায় না দিয়ে চুক্তি চূড়ান্ত করেছে বলে দাবি আন্দোলনকারীদের।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, আজ বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো ডাক আসেনি। আগামীকাল বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি চলবে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, সকাল থেকে অনশন কর্মসূচি পালিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।