রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এই ঘটনায় শহরের কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এতে পৌরসভা, কাঁঠালতলি, বনরূপা ও এর আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত অন্য সব অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়।
আজ সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ছাত্রদলের জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার বিকেলে শহরে পদবঞ্চিতদের বিক্ষোভ ও নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিলের আয়োজনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে পদবঞ্চিতরা কাঁঠালতলি বিএনপি অফিসের সামনে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বেলা ৩টার দিকে পৌরসভা, কাঁঠালতলি ও বনরূপা এলাকায় পদবঞ্চিত নেতা-কর্মীরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী অবস্থানের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসন শহরে সেনা মোতায়েন করে। বাড়ানো হয় পুলিশের সংখ্যা।
শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতির ওপর নজর রাখতে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।
এর আগে গত শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
পরদিন (রোববার) নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন সংগঠনের পদবঞ্চিত নেতা-কর্মীরা। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এ সময় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।