হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবা বিএনপির কর্মসূচিতে যোগ দেওয়ায় ছাত্রলীগ নেতার বিষপান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির রোডমার্চে অংশ নেওয়ায় বাবার ওপর ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বিষ পান করছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পণ্ডিত বাড়ির নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। 

বিষপান করা নিরব ইমন (২২) পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবা মোহাম্মদ জহির (৪৫) পোমরা ইউনিয়ন যুবদলের সহসভাপতি। ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পোমরা ইউনিয়নে জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছেন এমন খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে ছিলেন ছাত্রলীগের নেতা নিরব ইমনও। 

এ সময় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চ কর্মসূচিতে তাঁর বাবার অংশ নেওয়ার একটি ছবি লাল দাগ দিয়ে চিহ্নিত করে ইমনের ফেসবুক মেসেঞ্জারে তাঁর এক সহকর্মী পাঠান। এমনকি এটি তাঁদের মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করা হয়েছিল। ছবিটি দেখে ছাত্রলীগ নেতা নিরব ইমন বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে বাড়িতে ছুটে যান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন এবং একপর্যায়ে বিষ পান করেন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জয়দ্বীপ নন্দী বিষপানের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, নিরব ইমন নামের একজনকে বিষ পান করা অবস্থায় আনা হয়েছিল। তাঁকে প্রাথমিক ওয়াশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইমনের বাবা মোহাম্মদ জহির বলেন, ‘আমি ছিলাম শহরে। ঘরে কী হয়েছে জানি না। তবে আমি বিএনপির প্রোগ্রামে এসেছি শুনে ইমন বিষপান করেছে বলে জেনেছি।’ 

তাঁর স্বজন পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘ইমনের বাবা সম্পর্কে আমার ফুপাতো ভাই। তিনি বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় আমার সঙ্গে তাঁর কথাবার্তা হতো না। তবে ইমন তাঁর বাবাকে প্রায় সময় বিএনপির রাজনীতি থেকে বিরত থাকতে বলতেন। এর পরও তাঁর বাবা বিএনপির রোডমার্চ কর্মসূচিতে যাওয়ায় ক্ষোভে ইমন এ ঘটনা ঘটিয়েছেন বলে জেনেছি।’ 

চট্টগ্রাম মেডিকেলে ইমনকে নিয়ে যাওয়া তাঁর চাচা মো. পারভেজ বলেন, ‘হাসপাতালে আনার পর তাঁকে ওয়াশ করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তিন ঘণ্টা পর তাঁর অবস্থা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’

চট্টগ্রামে বিপিসির দপ্তর: পানি ঢুকছে ৬০ কোটির ভবনে

সাতকানিয়ায় কিছু এলাকায় কমেছে বন্যার পানি, ত্রাণ নিয়ে অসন্তোষ

পণ্য খালাস জটিল ও সময়সাপেক্ষ করা ব্যবসা সহজীকরণের পথে বড় বাধা: আমিরুল হক

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

চট্টগ্রামে এক সপ্তাহে সাড়ে ১৩ শ মিলিমিটার বৃষ্টি, জোয়ারের পানিতে নতুন করে জলাবদ্ধতা

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট

সরকার পারছে না, মানুষ কষ্ট পাচ্ছে: নাহিদ ইসলাম

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু

সাতকানিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চার সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা