হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির ফেসবুক গ্রুপে বট আইডি থেকে ছাত্রীকে অশালীন মন্তব্য, ‘লেলিয়ে দেওয়া হয়েছে’— দাবি অভিযুক্তের

চবি প্রতিনিধি 

অভিযুক্ত আলি আহসান মোজাহিদ। ছবি: সংগৃহীত

ফেসবুকে এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় ক্যাম্পাসে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক এক ফেসবুক গ্রুপে এই মন্তব্য করেন তিনি।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম আলি আহসান মোজাহিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় ক্যাম্পাসভিত্তিক সংগঠন ‘ভয়েস অব স্টুডেন্ট’ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এই সংগঠনের সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, শামসুন নাহার হল ও হল সংসদকে কেন্দ্র করে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে রুমি নামের এক নারী শিক্ষার্থী মন্তব্য করলে, অভিযুক্ত ব্যক্তি নিজের পরিচয় আড়াল করে ‘ScenicLizard 7729’ নামের একটি আইডি থেকে তাঁকে উদ্দেশ করে অত্যন্ত অশালীন ভাষায় রিপ্লাই দেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী অনুসন্ধান করে জানতে পারেন, বেনামি আইডিটির পেছনে রয়েছেন মোজাহিদ নামে এক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত হতে রুমি তাঁকে মেসেঞ্জারে সরাসরি মেসেজ করলে সন্দেহভাজন মোজাহিদ সেটি স্বীকারও করেন।

তবে মোজাহিদ দাবি করেন, তাঁকে এই কাজ করার জন্য ‘লেলিয়ে’ দেওয়া হয়েছে। এমন ঘটনার জন্য ওই নারী শিক্ষার্থীর কাছে ক্ষমাও চান তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী রুমি বলেন, একটি পোস্টে মন্তব্য করার পর একটি বেনামি আইডি থেকে তাঁকে উদ্দেশ করে অশ্লীল ও আপত্তিকর ভাষায় মন্তব্য করা হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই আইডি তাঁর পরিচিত একজনের। রুমির দাবি, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং তাঁকে ছোট ভাই হিসেবে চিনতেন। এ ছাড়া ওই ব্যক্তি নিজেই একাধিকবার ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা বলেছেন বলেও উল্লেখ করেন রুমি।

গ্রুপ অ্যাডমিনদের উদ্দেশে রুমি বলেন, ‘আপনারা গ্রুপের একটা সীমারেখা ঠিক করেন। এভাবে বট আইডি থেকে নিয়মিত হয়রানি ও আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন?’

এ বিষয়ে চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘নারীর প্রতি প্রতিহিংসা এবং নারীদের নিয়ে বুলিংকারী সে যে-ই হোক না কেন, তাকে যথাযথ শাস্তির আওতায় আনা দরকার। কোনো ধরনের মার্সি চলবে না। দল-মতের ভিন্নতা থাকতেই পারে; কিন্তু ভাষা প্রয়োগের আদব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর থাকা প্রয়োজন, যেটা ছেলেটি লিমিট ক্রস করেছে।’

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘শিবির এ ধরনের কাজ করার জন্যই গুপ্ত থাকে। আদর্শের বাইরে অন্য কারও বিরুদ্ধে আপত্তিকর কিছু লিখলেও যাতে তাদের মুখোশ উন্মোচন না হয়। এ ধরনের বিভিন্ন কাজ এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এরা গুপ্ত থাকে। এখন বিশ্ববিদ্যালয় ছুটি, কয়েক দিন পর ঈদ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন করে এ বিষয়ে জানিয়েছি। তাঁরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. পারভেজ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আমাদের কোনো সক্রিয় কর্মী নয়। সে “ভয়েস অব স্টুডেন্টস” নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। শিবিরের সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পারভেজ আরও বলেন, ‘যে ফেক আইডি ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তি স্লাট শেমিং করেছে, একই আইডি থেকে বিভিন্ন সময়ে চাকসু ও ছাত্রশিবিরকে গালিগালাজ করা হয়েছে। এ-সংক্রান্ত একাধিক তথ্যপ্রমাণ আমাদের হাতে রয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি কোন দলের কর্মী, তা বিবেচনায় না এনে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। এ বিষয়ে ছাত্রশিবির সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।’

এ বিষয়ে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থীকে বুলিং বা হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হলে দল-মতনির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে চাকসু। কোনো শিক্ষার্থীর আইনি সহায়তার প্রয়োজন হলে চাকসুর লিগ্যাল এইড সেল থেকে বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান করে অপরাধীর বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবে চাকসু।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোজাহিদকে একাধিকবার ফোনকল করা হলেও তিনি ধরেননি।

চট্টগ্রামে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ৫ ঘটনা, ৫ অভিযুক্তই গ্রেপ্তার

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে তল্লাশি, ২৩ হাজার ইয়াবা উদ্ধার

মোটরসাইকেলে কোরবানির গরু দেখতে যাচ্ছিল ৩ বন্ধু, বাসচাপায় নিহত ২

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের সেই ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার

এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামে মধ্যবয়সীকে গণপিটুনি

কর্ণফুলীতে উল্টা পথের পিকআপের ধাক্কায় নিহত স্কুলছাত্র

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে বিএনপিপন্থীদের জয়