চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আনোয়ারা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ওয়াসিম (২৬), ফারুক মাসুদ (২৭), জসিম উদ্দিন (৪২), আমজাদ হোসেন (৪৩), হেফাজুর রহমান (৩২), ইফতেখার আহম্মদ চৌধুরী সায়মন (১৮), সায়মান ইসলাম (১৮) ও মোহাম্মদ নাজেম উদ্দীন (৪৪)। তাঁদের মধ্যে ছয়জন আনোয়ারা এবং দুজন চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
অন্যদিকে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জুলধা ইউনিয়নের করিম ফকিরের বাড়ির মো. জসিম উদ্দিন (৪৪), বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মো. রবিন (২৮), চরপাথরঘাটা এলাকার আবুল কালাম ওরফে কালাইয়া মাঝি (৬০) ও মো. কোরবান আলী (৩০), বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকার মো. খোরশেদ আলম (২৭) এবং খুইদ্দারটেক এলাকায় বসবাসকারী মো. তৌহিদুল রহমান (২৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং নাশকতার অভিযোগ রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।