হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় মাদক সেবনের অভিযোগে ৯ জনের কারাদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও মাকে মারধরের অভিযোগে মো. মনির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি উপজেলার পুরানগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনেয়াবাদ এলাকার মোহাম্মদ মুসার ছেলে।

এ ছাড়া ইয়াবা সেবনের অভিযোগে পুরানগড় এলাকার হারাধন দাস (৩৫), ছদাহার মোহাম্মদ রমিজ (৩০), একই এলাকার মোজাম্মেল হক (৪০), মো. আইয়ুব (৩৫), ঠাকুরদীঘি এলাকার মো. হেলাল উদ্দিন (৩৫), একই এলাকার মোহাম্মদ সৈয়দ (৬৩), মোহাম্মদ রায়হান (২৪) ও মোহাম্মদ মাজহানকে (২৮) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে ৫০ ও ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাদক সেবনের অভিযোগে নয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত একজনকে এক বছর এবং আটজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আজ শনিবার দুপুরের আগেই দণ্ডিত ব্যক্তিদের চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।