হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে সমন্বিত অভিযান চালানোর ঘোষণা জেলা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের নাসিরাবাদে আজ রোববার এসপি মাসুদ আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডের জন্য আলোচিত উপজেলা রাউজানে বড় ধরনের সমন্বিত অভিযানের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। আজ রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন।

চট্টগ্রাম নগরের নাসিরাবাদে নিজ কার্যালয়ে এসপি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, রাউজানে সন্ত্রাস ও টার্গেট কিলিং ঠেকাতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে পুলিশ।

মাসুদ আলম বলেন, চট্টগ্রাম শহরে সংঘটিত কিছু টার্গেট কিলিংয়ের ঘটনায় প্রায়ই রাউজানের নাম উঠে আসে। আবার রাউজানের অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা হলে পাহাড়ি এলাকা থেকে অপরাধীরা আসে বলেও বিভিন্ন তথ্য পাওয়া যায়। এসব বিষয় গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে জেলা পুলিশ।

চট্টগ্রামের পুলিশ সুপার আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাউজানে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় এলাকাটি কিছুটা অস্থির হয়ে উঠেছিল। পুলিশের কাছে এমন তথ্যও রয়েছে যে, নগরে সংঘটিত কিছু অপরাধের পেছনে রাউজানকেন্দ্রিক গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে।

তবে তাড়াহুড়ো না করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে অভিযান চালানোর কথা জানান পুলিশ সুপার।

মাসুদ আলম বলেন, ‘আমি এখানে নতুন হওয়ায় রাউজানের ভেতরের পরিস্থিতি, স্থানীয় বাস্তবতা ও ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করছি। বিশেষ করে, পাহাড় ও জঙ্গলে ঘেরা এলাকাগুলোর বিষয়ে বিস্তারিত ধারণা নেওয়া হচ্ছে। কারণ, সঠিক তথ্য ও পরিকল্পনা ছাড়া অভিযানে গেলে ভুল হওয়ার আশঙ্কা থাকে।’

সাংবাদিকদের প্রশ্নের জবারে মাসুদ আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ বা দলীয় প্রভাবের কাছে নতি স্বীকার করা হবে না। পেশাদারির সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়েও কথা বলেন পুলিশ সুপার। তিনি বলেন, একসময় রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে পরিচিত ওই এলাকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। সেখানে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি ওই এলাকায় দুটি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাসুদ আলম বলেন, কক্সবাজার-মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে এবং চট্টগ্রাম সেই রুটের গুরুত্বপূর্ণ অংশ। তাই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে পুলিশের প্রস্তুতির কথা জানিয়ে মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলায় প্রায় আড়াই শ পশুর হাট রয়েছে। ঈদুল আজহা সামনে রেখে এসব হাটে ও পশু পরিবহনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। এ ছাড়া বড় অঙ্কের টাকা বহনে ব্যবসায়ীরা চাইলে পুলিশের এস্কর্ট সুবিধা পাবেন। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধেও হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে।

জনবান্ধব পুলিশিং গঠন করার পরিকল্পনার কথা জানিয়ে এসপি মাসুদ বলেন, ‘থানায় সেবাপ্রার্থীদের সঙ্গে কোনোভাবেই অপেশাদার আচরণ করা যাবে না। কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িয়ে পড়লে বা দায়িত্বে অবহেলা করলে তাঁকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। আমরা একটি জনবান্ধব পুলিশিং গঠন করতে চাই। আমাদের যাত্রায় যাঁরা অংশীদার হতে পারবেন না, তাঁরা চলে যেতে পারবেন।’

এর আগে সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

আনোয়ারায় মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

ফটিকছড়িতে চা-বাগান থেকে দেশীয় বন্দুকসহ শ্রমিক আটক

ওমানে ৪ ভাইয়ের মৃত্যু: মাকে বাঁচাতে ফটকে তালা একমাত্র জীবিত ছেলের

একজন মানুষ মারা গেলে তার কোনো দল থাকতে পারে না: চসিক মেয়র

চট্টগ্রামে ৩ হাজার টাকার জন্য পাহাড়ি যুবককে হত্যার অভিযোগ

বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন হতদরিদ্ররা, বিল দেবে সরকার: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে মাদক মামলার আসামি, বিতর্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানে পিষ্ট মা-মেয়ে

পদবঞ্চিতদের বাধায় পটিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড