চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলিতে যুবদল কর্মী মোহাম্মদ মুজিবুর রহমান (৫৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ রাশেদ ওরফে ‘জাইস্যাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্তার দিঘীর পূর্ব পাশে মোহাম্মদ হাশেমের ভাড়া বাসা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলার ১ নম্বর আসামি মো. নাঈম এবং ৩ নম্বর আসামি মো. শুভকে গ্রেপ্তার করেছিল রাউজান থানা-পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মুজিব হত্যা মামলার অভিযুক্ত দ্বিতীয় আসামি মোহাম্মদ রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মোনাফের ছেলে মোহাম্মদ মুজিব।