হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ভ্রমণের কথা বলে আনা হয় মিছিলে, কিশোরসহ গ্রেপ্তার ৩০

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

যুবলীগের ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কিশোরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। পুলিশের দাবি, কক্সবাজারে ভ্রমণের কথা বলে বাঁশখালী থেকে তাদের সেখানে আনা হয়েছিল।

আজ সকালে অভিযানের সময় একটি ব্যানার ও দুটি মাইক্রোবাস জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, আজ বিকেলে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন থেকে একদল কিশোর ও তরুণকে কক্সবাজারে ভ্রমণের লোভ দেখিয়ে দুটি মাইক্রোবাসে আনা হয়। বরুমচড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছানোর পর তাদের গাড়ি থেকে নামিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে।

যুবলীগের ঝটিকা মিছিলের চেষ্টা চলাকালে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পুলিশের দাবি, জেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম ওরফে শহীদ (৩৫), ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত) নেতা কে এম পারভেজ উদ্দীন ও শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদের (৩৫) নেতৃত্বে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা বলে তাদের আনোয়ারার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় আনা হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের দিয়ে কৌশলে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশের দাবি, সবাই বিষয়টি না জানলেও কয়েকজন আগে থেকে জানত। আটক ব্যক্তিদের একটি বড় অংশ কিশোর।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে বাঁশখালী উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮), মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), হাসান (১৫), মো. আজাদ হোসেন (১৯), আবদুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আবদুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাত (১৯)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে। অন্য ২৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ বরুমচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।

আনোয়ারা-বাঁশখালী সড়কে এর আগেও একাধিকবার ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে ওই সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়। মিছিলের ৫৭ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। ওই ঘটনায় আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের ভোলার বাড়ির মৃত নূর আহমদের ছেলে মোহাম্মদ হাসান বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিএস রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৭৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৩৮ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন।

চলতি বছরের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে ছাত্রলীগের আরও একটি ঝটিকা মিছিল বের করা হয়েছিল। ওই ঘটনায় পরদিন নাশকতার অভিযোগে ৪৫ জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় আরও একটি মামলা করা হয়।

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা