চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটি গুরুতর বার্তা পাওয়া গেছে। সেগুলোতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।
আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি। জাহাংগীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
ডিআইজি বলেন, ‘প্রথমে আমরা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তাঁর এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাই। পরে তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’
মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করা হয়। জাহাংগীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে।
এর আগে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে কয়েক দিন ধরে নজরদারিতে ছিলেন এসপি জাহাংগীর আলম।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্স ও আরআরএফ কার্যালয়ের মাঝামাঝি অবস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পুলিশের সাদা রঙের একটি বিশেষ ইউনিটের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।
পুলিশের অভিযোগ, জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, গতকাল শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। সেদিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
উল্লেখ্য, জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।