হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দরে পরিবহনশ্রমিক ও নিরাপত্তাকর্মীর দ্বন্দ্ব, ৬ ঘণ্টা পর কনটেইনার ডেলিভারি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পরিবহনশ্রমিক ও নিরাপত্তাকর্মীর মধ্যে দ্বন্দ্বের জেরে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর কনটেইনার ডেলিভারি কার্যক্রম আবার শুরু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বৈঠকের পর তাঁরা কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেটে গেট পাস নেওয়াকে কেন্দ্র করে পণ্যবাহী ট্রেইলারের এক কর্মীর সঙ্গে বন্দরের এক নিরাপত্তাকর্মীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে ট্রেইলারের এক কর্মী ও আশিকুর রহমান নামে বন্দরের এক নিরাপত্তাকর্মী আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকেরা বন্দরের গেট দিয়ে কনটেইনারবাহী যান চলাচল বন্ধ করে দেন। এতে বন্দর থেকে কনটেইনার ডেলিভারি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, বন্দরে প্রবেশের গেট পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দরের গেটে কর্মরত এক নিরাপত্তাকর্মীর প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, গেট পাসের ফি বেশি নেওয়ার প্রতিবাদ করায় বন্দরের নিরাপত্তাকর্মীরা সংগঠনের এক সদস্যকে মারধর করেন।

পরে রাতে বন্দর ভবনে পরিবহনমালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতা, পুলিশ কর্মকর্তা এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দাবি ও সমস্যার বিষয়ে আলোচনা শেষে তাঁদের কাজে ফেরার সিদ্ধান্ত হয়।

আন্তজেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক শামসুজ্জামান সুমন বলেন, ‘আমাদের দাবি ও সমস্যার কথা বৈঠকে জানিয়েছি। দাবিদাওয়া পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আবার কাজে যোগ দিয়েছি।’

বৈঠকে প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, আন্তঃজেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বন্দর ট্রাক মালিক সমিতির নেতারা, বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর চেয়ারম্যানের প্রতিনিধি, পুলিশের বন্দর জোনের উপকমিশনার (ডিসি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘একটি সমস্যার কারণে কনটেইনার বহনকারী যানবাহন চলেনি। বিষয়টি সমাধান হয়েছে।’