হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে ১২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সিআরবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবিতে আসেন। পরে তাঁরা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। তাঁদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।