লোকজন খাইয়ে এবং গয়না ও আসবাবপত্র দিয়ে বেশ ধুমধাম করেই মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা নাছির উদ্দীন। ভেবেছিলেন মেয়ে সুখে থাকবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। জেবার স্বামী বিয়ের রাত থেকেই শুরু করেছিলেন নির্যাতন। বিয়ের এক দিন পর যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ জেবার।
এ ঘটনায় চট্টগ্রামের আনোয়ারায় যৌতুক দাবি, নির্যাতন ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে জেবার স্বামী মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আনোয়ারা থানায় মামলাটি রেকর্ড করা হয়। ভুক্তভোগী নববধূ নাজমিন সুলতানা জেবা বর্তমানে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জেবার মা চেমন আরা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন। মামলায় জেবার স্বামী মুহাম্মদ তৌহিদুল ইসলাম (৩৫), তাঁর ভাই মোহাম্মদ শহীদ (২৬), মা জমানা খাতুন (৫২), ভাবি ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন।
মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর দুপুরে চাতরী চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারে জেবা ও তৌহিদুলের বিয়ের অনুষ্ঠান হয়।
জেবার পরিবারের দাবি, বিয়েতে ৮০০ বরযাত্রীর খরচ বাবদ নগদ চার লাখ টাকা, দুই লাখ টাকার আসবাবপত্র এবং আংটি ও অন্যান্য খাতে আরও তিন লাখ টাকা ব্যয় করা হয়। জেবার বাবা নাছির উদ্দীন বলেন, বিভিন্ন এনজিও ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন তাঁরা।
জেবার অভিযোগ, বিয়ের অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়িতে যাওয়ার পর তিনি স্বামীকে তাঁর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন। বিষয়টি পরিবারকে জানালে তাঁরা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন।
জেবা বলেন, ‘পরে সকলের উপস্থিতিতে তিন দিন পর আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন এবং আসার সময় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র কিছুই দেননি। আমার মায়ের দেওয়া স্বর্ণটাও ছিনিয়ে নেন তাঁরা।’
চেমন আরা বেগমের অভিযোগ, বিয়ের দিন রাতে তাঁর মেয়ের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয় এবং গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। বিয়ের সময় দেওয়া আট আনা ওজনের একটি সোনার চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে।
নাছির উদ্দীন বলেন, বিয়ের এক দিন পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে জেবাকে মারধর করা হয় বলে তাঁরা জানতে পেরেছেন।
১২ নভেম্বর বিকেলে জেবা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর চার দিন থানায় ঘুরেও সহায়তা না পাওয়ার অভিযোগ করে পরিবারটি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যায়। পরে তারা আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মো. মনজু মিয়ার কাছেও যান বলে অভিযোগ করেন।
জেবার বড় ভাই মোহাম্মদ ইকবাল বলেন, ‘কোথাও কোনো সহযোগিতা না পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে যাই। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখতে বললে আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মো. মনজু মিয়ার কাছে যাই। সেখানে কোনো সুরাহা না পেলে পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেওয়ার নির্দেশ দেন। এর পর থেকে বরপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার বোন এসব মানসিক যন্ত্রণা সইতে না পেরে ১৬ নভেম্বর স্ট্রোক করেছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ওসমান বলেন, বিয়ের তিন দিনের মধ্যে এমন ঘটনার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় অভিযোগের পর গত শনিবার রাতে পুলিশের উপস্থিতিতে একটি বৈঠক হয় বলেও তিনি জানান।
বৈঠকে বরের স্বজনেরা জানান, বিয়ের তিন দিন পর তৌহিদুল কাউকে কিছু না বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে গেছেন। তাঁদের দাবি, জেবাকে পারিবারিকভাবে বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং তাঁকে মারধর করা হয়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।