একমাত্র মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন আবদুল মোনাফ (৬০)। সেখানে এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় পিএবি সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আহত আবদুল মোনাফকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।
নিহত আবদুল মোনাফ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের উত্তর শিলাইগড়া গ্রামের মৃত মোহাম্মদ সফির ছেলে। পেশায় কৃষক এই ব্যক্তি চার ছেলে ও এক মেয়ের বাবা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর চেয়ারম্যানঘাটা এলাকায় পিএবি সড়ক পার হচ্ছিলেন আবদুল মোনাফ। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাঁকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন যুবক আহত আবদুল মোনাফের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, সড়কে পড়ে যন্ত্রণায় কাতর অবস্থায় তিনি নিজের পরিচয় ও ঠিকানা দেওয়ার চেষ্টা করছেন।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে একমাত্র মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন আবদুল মোনাফ। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর আর বাড়ি ফেরা হয়নি তাঁর।