চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় মহাসড়কে আগুন জ্বালানো হলে ঢাকামুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় ছুটির পর রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মিনি কাভার্ড ভ্যান বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় স্থানীয় জনতাও তাদের সঙ্গে যোগ দেয়। বিক্ষোভকারীরা মহাসড়কের পাশে থাকা বাঁশ ও গাছ সড়কের ওপর ফেলে আগুন ধরিয়ে দেয়।
অবরোধের ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তি হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুর্ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তার, মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণ এবং আহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, ‘মহাসড়ক অবরোধের কারণে ঢাকামুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সঠিক বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। এরপর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’