হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় একটি বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১২ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণের ইয়াবার এই চালান চট্টগ্রামে পাচারের চেষ্টা করেছিল একটি সংঘবদ্ধ চক্র।

গত রোববার দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম বন্দর বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সমুদ্র এলাকায় ‘অপারেশন সমুদ্র প্রহরায়’ নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ওই এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। বোটটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে আটক করে। বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে এসব ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে আনার চেষ্টা করছিল।

সংঘবদ্ধ মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা ও বোটসহ আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে আটক দুই মাদক কারবারির নাম জানায়নি কোস্ট গার্ড।