চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকায় সমুদ্রের জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি উপকূলীয় বেড়িবাঁধের ব্লকে আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক ইসলাম বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহে সাদা-কালো রঙের ফুলহাতা গেঞ্জি পরা ছিল।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’