চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ১৪তম দিনেও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত আছে। তাঁরা মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা র্যালি বের করেন। র্যালিটি স্বাধীনতা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা চুয়েটের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হয়। গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তবে এ নিয়োগ মেনে না নিয়ে উপাচার্য পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে আন্দেলনে নামেন চুয়েট শিক্ষার্থীরা।
আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং প্রতিবাদী কনসার্টসহ নানা কর্মসূচি পালন করেছেন।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে কর্মবিরতিতে যান চুয়েট শিক্ষক সমিতির সদস্যরা। পরে কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে যুক্ত হন।