চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালক খোরশেদ আলমকে (২৪)।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলাম।
দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সন্ধ্যার পর মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে আল্লাহর দান পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ছ ১১-২১৪৮) মিছিলের মধ্যে ঢুকে পড়ে। এতে পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতা-কর্মীদের ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, ঘটনার পর বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ।