পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর হাছিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাছিনা বেগম (৪৫) বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন হাছিনা বেগম। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। আজ শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধানখেতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান। এ সময় তাঁরা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য বখতিয়ার রহমান বলেন, ‘সকালে কয়েকজন মাছ ধরার টেমাই আনতে গিয়ে ধানখেতে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তাঁদের ডাকাডাকিতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন।’
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, ‘ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’