ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সময়ে মুসলমানদের ওপর সহিংসতা, হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির নেতারা এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জামালখান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর ধারাবাহিকভাবে দমনপীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুসলমানদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
বক্তারা বলেন, মুসলমানদের অধিকার খর্ব ও নির্যাতনের মাধ্যমে ভারতে সাম্প্রদায়িক পরিস্থিতি উসকে দেওয়া হচ্ছে। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে ‘মুসলিমবিদ্বেষী রাজনীতি’ পরিচালনার অভিযোগ তোলেন।
সমাবেশ থেকে বাংলাদেশের জাতীয় সংসদে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সর্বদলীয় নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এবং জাতিসংঘের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর নীরবতা এ ধরনের নির্যাতনকে আরও উৎসাহিত করছে।
চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগরের সদস্যসচিব এনামুল হক মাদানী, কামরুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা।