হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ শেষে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির এক সহসভাপতিসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের হাটবাইর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য দেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে ফেরার সময় দুপুরে হাটবাইর এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

জামায়াতের দাবি, সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। অন্যদিকে বিএনপির অভিযোগ, ফেরার পথে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হাটবাইর গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী ও তাঁর গাড়িচালক মামুন আহত হন। জামায়াতের আহত কর্মীদের মধ্যে রয়েছেন রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল ও মিলন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত সোলেমান চৌধুরী বলেন, সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান। এ খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে এলে তাঁদের ওপর আবারও হামলা করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, বিএনপি নেতা মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে জামায়াতের তিনজন সমর্থক আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক ছানা উল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: চমেকে আরও ২ শ্রমিকের মৃত্যু