টানা চার দিনের থেমে থেমে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম নগর ও নগরবাসীর জীবনযাত্রা। গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিতে নগরের ষোলশহর রেলস্টেশন ও জানালীহাটের মাঝখানে রেললাইনের ওপর পানি জমায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ে যেতে পারেনি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ার পর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি ষোলশহর রেলস্টেশনে আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছে।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁঞা সন্ধ্যা পৌনে ৬টায় আজকের পত্রিকাকে বলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এখনো চট্টগ্রাম স্টেশন ছেড়ে যেতে পারেনি। ষোলশহর স্টেশন ও জানালীহাটের মাঝখানে রেললাইনের ওপর পানি জমার পাশাপাশি সেখানে একটি গাছ ভেঙে পড়েছে।
মোস্তাফিজুর রহমান ভুঁঞা জানান, ভেঙে যাওয়া গাছটি অপসারণ করা হলেও রেললাইন থেকে পানি এখনো নামেনি। এই কারণে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে। পানি নামার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা হবে। তিনি আরও জানান, বৃষ্টির কারণে যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়ে, সে জন্য আপাতত ট্রেনটিকে পুনরায় চট্টগ্রাম রেলস্টেশনে নিয়ে আসা হয়েছে।
সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেললাইনের পানি সরেনি বলে জানা গেছে। এর আগে সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।