আগামীর বাংলাদেশ গড়ে তুলবে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। পড়াশোনা করে তারা চিকিৎসক, প্রকৌশলী, ইউএনও ও ডিসি হবে। তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ শুক্রবার চাঁদপুরের কচুয়া পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের প্রকৃতিনির্ভর পাঠশালা প্রতিষ্ঠা করা হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পরিকল্পনা ও উদ্যোগে প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষ উপহার।
এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষার্থীরা এখানে বসে বৃষ্টির মধ্যে কবিতা লিখবে, আবৃত্তি করবে ও নাচবে। শীতল পাটিতে বসে প্রকৃতির সান্নিধ্যে আনন্দের সঙ্গে পড়াশোনা করবে। প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে আমাদের নতুন প্রজন্ম।’ তিনি বলেন, নতুন শ্রেণিতে ওঠার আগেই তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। আগামী বছর থেকে বইয়ের পাশাপাশি স্কুলড্রেস, ব্যাগ ও দুপুরের খাবার দেওয়ার ব্যবস্থাও করা হবে।
প্রকৃতির সঙ্গে শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে শিশুদের পরিবেশ সচেতনতা, প্রকৃতিপ্রেম ও সৃজনশীলতা বাড়ানো এ পাঠশালা প্রতিষ্ঠার মূল লক্ষ্য। প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা এবং ঝরে পড়া রোধেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঠশালাটির স্বপ্নদ্রষ্টা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রকৃতির পাঠশালার কার্যক্রম শুরু করতে পেরে তাঁরা আনন্দিত। এখানে শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে মিশে বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। উদ্যোগটি সফল হলে সারা দেশে একই আদলে পাঠশালা প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে আশা করেন তিনি। তাঁর ভাষায়, প্রকৃতির মধ্যেই শিক্ষার্থীদের বেড়ে ওঠা নিশ্চিত করাই তাঁদের স্বপ্ন।
খড়ের ছাউনি দেওয়া দোচালা ঘরের আদলে তৈরি হয়েছে পাঠশালাটি। বাঁশের অবকাঠামোয় নির্মিত উন্মুক্ত প্রাঙ্গণে বিছানো হয়েছে শীতল পাটি। চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। ফলে শিক্ষার্থীরা ইট-কাঠের প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সান্নিধ্যে পাঠ গ্রহণের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. শাহজালাল প্রধান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ।
এ দিন শিক্ষামন্ত্রী কচুয়া পৌরসভা ভবনে ব্রেস্টফিডিং ও কিডস কর্নার এবং উপজেলা ইনডোর স্টেডিয়ামেরও উদ্বোধন করেন।