হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে, দিনে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি

শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যাত্রীবাহী বাস ও অতিরিক্ত বালুবাহী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক, সুপারভাইজারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌঁ জেবি উচ্চবিদ্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের মালিক কুমিল্লা সদর দক্ষিণ এলাকার বাসিন্দা আব্দুল ওহাব (৪৫), আল-আরাফা এক্সপ্রেস বাসের চালক গাইবান্ধার কামাল (৪০) ও ওই বাসের সুপারভাইজার শোভন (৩৫)। শোভনের বাড়ি বাগেরহাট জেলায়।

পুলিশ জানায়, চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল অতিরিক্ত বালুবোঝাই ডাম্প ট্রাকটি। ট্রাকটি দ্রুতগতিতে বানিয়াচৌঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল-আরাফাহ এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়।

গুরুতর আহত ব্যক্তিরা হলেন নীলফামারীর মো. শহিদুল্লাহ (৬০) এবং রংপুর জেলার মণ্ডুলপাড়া এলাকার রাধানগর গ্রামের আঞ্জুমান বেগম (৫০) ও নিলয় (২০)। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের কুমিল্লায় পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে নিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বেলা ৩টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পুলিশের তৎপরতা বাড়ানোর কথাও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলসহ সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।