হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের কদমতলা এলাকায় দীপু মনির বাসা এবং সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে পৃথক স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়ির অধিকাংশ আসবাব পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত দীপু মনির বাসায় আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল জানান, রাতে চিৎকার শুনে নিচে নেমে দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন জ্বলতে দেখেন। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।

তিনি বলেন, এ ঘটনায় নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টও ওই বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেদিন বাসার ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই দুর্বৃত্তরা আবার আগুন দিয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তাঁরা পাননি। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবেন।

অন্যদিকে, একই রাতে সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।

বালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু মিয়াজী জানান, কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়ির ভেতরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাব পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।