হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী

চাঁদপুর প্রতিনিধি

আজ দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ খসে পড়ে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ হঠাৎ খসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

আহত রোগীরা হলেন রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) এবং আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত আলাদা স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি পুরোনো হওয়ার কারণে এর আগেও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় পুরুষ ওয়ার্ডের রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। রোগী ও তাদের স্বজনেরা দ্রুত এই ঝুঁকিপূর্ণ অবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

আজ দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ খসে পড়ে। ছবি: আজকের পত্রিকা

খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে ওয়ার্ডটি পরিদর্শন করেন এবং আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতা ২৫০ শয্যা হলেও বর্তমানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যা পুরো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে মেরামতের কাজ করা হচ্ছে।