কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল ২৮ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। দায়িত্ব পালনে ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এসব কথা বলেন।
ফরিদ আহম্মেদ মানিক বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে। বিগত ১৭ বছর এবং ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে যেভাবে রাজপথে সক্রিয় ছিলেন, সেভাবেই জনগণের জানমাল রক্ষায় পাশে দাঁড়াতে হবে।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মনে রাখতে হবে, সবার আগে দেশ, এরপর দল, তারপর নির্বাচন। কোন উপজেলায় কে কী করছেন, তার সব খবরই দলের কাছে রয়েছে। দায়িত্ব পালনে কাউকে ছাড় দেওয়া হবে না।
মানিক আরও বলেন, ফ্যাসিবাদের বিষয়ে বিএনপির কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং বহু রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দলের প্রত্যেক নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির আলমগীর হোসেন সরকার এবং কচুয়া উপজেলা বিএনপির খায়রুল আবেদিন স্বপন।
সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।