হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ফাঁকা নদী ও মাছঘাট

চাঁদপুর প্রতিনিধি

নদীতে নেই জেলেদের কর্মচাঞ্চল্য, মাছঘাটও নীরব নিষেধাজ্ঞায়। ছবি: আজকের পত্রিকা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ২২ দিনের এ কর্মসূচির প্রথম দিনে মেঘনা নদী ও চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে।

আজ বেলা ১১টায় শহরের তিন নদীর মোহনা, বড় স্টেশন, টিলাবাড়ী ও লঞ্চঘাট এলাকায় গিয়ে নদীতে কোনো জেলে নৌকা দেখা যায়নি। ট্রলার নিয়ে নদীতে মাইকিং করে জেলেদের সচেতন করতে দেখা গেছে জেলা মৎস্যজীবী দলের নেতা-কর্মীদের।

দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটেও ছিল ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞার আগের দিন, বুধবার ঘাটে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাইকারি ও খুচরা ইলিশ কেনাবেচার কর্মচাঞ্চল্য ছিল।

নিষেধাজ্ঞা শুরুর পর অধিকাংশ আড়তের সামনে ফাঁকা দেখা গেছে। কয়েকটি আড়তের সামনে লোকজন থাকলেও তাঁরা হিসাব-নিকাশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

জেলা টাস্কফোর্স ২২ দিনের জন্য শহরের সব বরফকল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে দেশীয় জলাশয়ে চাষ করা মাছ বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই।

ঘাটের ইলিশ বিক্রেতা আকবর আলী বেপারী বলেন, ‘প্রতিদিন সকাল হলে ৯টা থেকে ১০টার মধ্যে আড়তে থাকি। যে কারণে আজকেও ওই সময় এসে উপস্থিত হয়েছি। তবে তেমন কোনো কাজ নেই। অনেকেই আড়ৎ পরিষ্কার-পরিচ্ছন্ন করছে।’

বড় স্টেশন মাছঘাটে ইলিশ ক্রয়-বিক্রয়ের কাজে নিয়োজিত রয়েছেন শতাধিক শ্রমিক। নিষেধাজ্ঞার প্রথম দিনে তাঁদের অনেককে আড়ত ও বিভিন্ন স্থানে অবসর সময় কাটাতে দেখা গেছে।

নদীতে নেই জেলেদের কর্মচাঞ্চল্য, মাছঘাটও নীরব নিষেধাজ্ঞায়। ছবি: আজকের পত্রিকা

শ্রমিক সোলায়মান ও আনিছুর রহমান জানালেন, কাজ না থাকলেও বাসায় বসে থাকতে ভালো লাগে না। যে কারণে আড়তের পাশে বসে আড্ডা দিয়ে সময় পার করছেন। ২২ দিন তাঁদের অবসর থাকতে হবে। সবাই এই সময়ের জন্য বেকার হয়ে পড়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভয়াশ্রম এলাকার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত জেলা টাস্কফোর্সের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ তিনটি দল অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞার ২২ দিন ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত থাকবে।

মা ইলিশের প্রজনন রক্ষায় ৮ অক্টোবর শুরু হওয়া এ অভিযান চলবে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ সময় পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে।