চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেঠাতো ভাই (বাবার বড় ভাইয়ের ছেলে) শেখ আল মামুন।
ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে এবং সাত বছর বয়সী ছেলে একটি হিফজ মাদ্রাসায় অধ্যয়নরত। প্রায় তিন বছর আগে তাঁর বাবা মারা যান।
মরহুমের জানাজা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরানবাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।