চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধ লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তাঁর নাতিকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনে জুয়ায় টাকা হারার পর সেই টাকা পরিশোধের জন্য ওই কিশোর পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের দাবি।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
পুলিশ জানায়, অভিযুক্ত কিশোরকে আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
গ্রেপ্তার কিশোর মতলব দক্ষিণ উপজেলার একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ের সন্তান।
পুলিশের ভাষ্য, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডের জোড়পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি চলতি মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একা বসবাস করছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বৃদ্ধার চতুর্থ মেয়ে বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কিশোরের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারার পর তা পরিশোধের জন্য একাই নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার সোনার চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
কিশোরের দেখানোমতে, ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।