পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।
গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে পিপিএম পদকের জন্য মনোনীত করা হয়।
মতলব সার্কেলের এএসপি হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।
পিপিএম পদক পাওয়ার প্রতিক্রিয়ায় এএসপি জাবীর হুসনাইন সানীব বলেন, ভবিষ্যতে যেন সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাহসিকতার সঙ্গে কাজ করে যেতে পারি, সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।