চাঁদা না দেওয়ায় চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ইজারাদার আরিফুল ইসলাম মিশু, সফিক গাজীসহ ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে ওয়্যারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ওয়্যারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০) ও সামির (২৫)। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চাঁদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হাসপাতালে এসে ঘটনা সম্পর্কে অবগত হন।
ইজারাদার সফিক গাজী বলেন, ‘চাঁদপুর পৌরসভার সব নিয়ম মেনে ওয়্যারলেস বাজারের ইজারা নেওয়া হয়। বাজারের পাশের বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী, রেদওয়ান গাজীসহ কয়েকজন সড়কের জায়গায় অবৈধভাবে দোকান উঠিয়ে দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। পরে ব্যবসায়ীরা আমাদের বিষয়টা অবগত করলে আমি ও মিশু সেখানে গিয়ে তাদের জিজ্ঞেস করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে।’
হাসপাতালের চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে মিশু নামের ব্যক্তির ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, ঘটনাটি শুনতে পেয়ে ওয়্যারলেস বাজারে পুলিশ পাঠানো হয়। পরে আহতরা চলে আসায় পুলিশ হাসপাতালে যায় ও খোঁজখবর নেয়। তবে অভিযোগ পেলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।