হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

মাদ্রাসাশিক্ষক আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে আমিনুল ইসলামকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিদিন আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। এই সুযোগে আমিনুল শিশুটির শরীরের বিভিন্ন সংবেদনশীল স্থানে স্পর্শ করতেন।

গতকাল সকালে প্রতিদিনের মতো শিশুটি আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে গেলে একই ধরনের ঘটনা ঘটে। পরে শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে।

ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহারের নজরে এলে তিনি তার কাছে বিস্তারিত জানতে চান। পরে শিশুটি তাঁকে এ ঘটনার কথা জানায়। সামছুন্নাহার শিশুটির পরিবারকে বিষয়টি অবহিত করেন।

শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে জানানো হলে তিনি শাহরাস্তি মডেল থানায় জানান।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান শিশুটির সঙ্গে কথা বলার পর সোমবার গভীর রাতে আমিনুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মীর মাহবুবুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পরই গুরুত্বের সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’