হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে শুঁটকিতে রং, পচা মাংস সংরক্ষণ করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে বাসি-পচা মাংস রাখার কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের কারণে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং বিক্রির উদ্দেশ্যে বাসি-পচা মাংস সংরক্ষণের অপরাধে একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। এ সময় নষ্ট ও পচা মাংস এবং রং মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ ছাড়া অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় জনসচেতনতামূলক লিফলেট।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি ও অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।