শিক্ষা মানেই চার দেয়ালে ঘেরা শ্রেণিকক্ষ, সারি সারি বেঞ্চ কিংবা বইয়ের পাতায় সীমাবদ্ধ পাঠ নয়। গাছ, পুকুর, মাটি, আলো-বাতাস আর জীববৈচিত্রের মধ্যেও লুকিয়ে আছে শিক্ষার নানা উপাদান। শিশুদের সেই প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাঁদপুরের কচুয়ায় গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী শিক্ষাঙ্গন ‘প্রকৃতির পাঠশালা’। বাঁশ, ছন ও প্রাকৃতিক উপকরণে নির্মিত খোলামেলা এই পাঠশালায় শিক্ষার্থীরা চার দেয়ালের বন্দিদশা থেকে বেরিয়ে প্রকৃতির কাছাকাছি বসে পাঠ গ্রহণের সুযোগ পাবে।
প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার এই উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করা এই জেলা প্রশাসকের চিন্তায়, প্রকৃতির সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠা শিশুরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, পরিবেশ, জীবজগৎ ও মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিয়েও বাস্তব ধারণা অর্জন করবে।
চাঁদপুরের কচুয়া উপজেলা সদরে কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুকুরপাড়ে নির্মিত হয়েছে এই প্রকৃতিনির্ভর পাঠশালা। প্রায় ৪০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের ঘরটি বাঁশ ও ছনের উপকরণে তৈরি। চারপাশ খোলামেলা হওয়ায় সহজেই প্রবেশ করতে পারে আলো-বাতাস। ঘরের মেঝেতে শীতল পাটি বিছিয়ে শিক্ষার্থীদের বসে পাঠ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে প্রায় ৩০ থেকে ৩৫ শিক্ষার্থী এখানে পাঠ নিতে পারবে।
কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল জানান, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রায় এক বছর আগে ‘প্রকৃতির পাঠশালা’ নির্মাণের উদ্যোগ নেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হয়। সেপ্টেম্বর মাসে কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকা। নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি বলেন, এই পাঠশালায় কোন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা এখানে পাঠ গ্রহণ করতে পারবে। প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরি এবং শ্রেণির পাঠ্যক্রমের সমন্বয়ে একজন শিক্ষক পাঠদান করতে পারবেন। এটি শিক্ষার্থীদের জন্য নতুন ধরনের শিক্ষার পরিবেশ তৈরি করবে।
প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘প্রকৃতির সঙ্গে শিশুদের ভালোবাসা তৈরি হলে তারা বাংলাদেশের পরিবেশ রক্ষায়ও এগিয়ে আসবে। পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। খোলা পরিবেশে ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সুযোগ শিশুদের মানসিক বিকাশেও ভূমিকা রাখবে। এসব চিন্তা থেকেই ‘প্রকৃতির পাঠশালা’ তৈরি করা হয়েছে।’
গত শুক্রবার বিকেলে ‘প্রকৃতির পাঠশালা’র ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমিত রায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।