হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৫

চাঁদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার দিবাগত রাতে মতলব উত্তরে মেঘনা নদী থেকে পাঁচজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেওয়ার সময় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫), একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ও টহল চলাকালে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু উত্তোলনের ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। নদীর পরিবেশ ও নৌপথের নিরাপত্তা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।